জেলার সংবাদ

চট্টগ্রামে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

২৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেছে মা ও বাবার। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। অভিযুক্ত রিমন দাশ গুপ্ত (৪২) তাদের একমাত্র ছেলে।

 

জানা যায়, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাকে একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে মা-বাবাকে নিয়ে বাইরে যাওয়ার পর দুপুরের দিকে বাড়ি ফেরেন তারা। কিছুক্ষণ পর হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে প্রথমে মায়ের ওপর হামলা চালান রিমন। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে স্বপন দাশ গুপ্তকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে কল্পনা দাশকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তিনি মারা যান।

 

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করে। ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতাল থেকে অপর মরদেহের খবর পাওয়া গেছে।

 

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন