চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা আমন ধানের ১৩ বস্তা বীজ একটি মাদ্রাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ-বিন-আখন্দ এই বীজগুলো উদ্ধার করেন। মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপার শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদ্রাসা পরিদর্শনের সময় সুপারের কার্যালয়ের পাশের একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পেয়ে ইউএনও সেটি খোলার নির্দেশ দেন। কক্ষটি খোলার পর সেখান থেকে সরকারি ওই ১৩ বস্তা আমন ধানের বীজ পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বীজগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। চরম্বা ইউনিয়ন দূরে হওয়ায় দুই কৃষক প্রতিনিধির মাধ্যমে সেগুলো পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে কৃষকদের হাতে না পৌঁছে বীজগুলো কীভাবে রাজনৈতিক দলের এক নেতার পরিচালিত মাদ্রাসায় রাখা হলো, তা তদন্ত করে দেখা হবে।
তবে এ বিষয়ে মাদ্রাসা সুপার শামসুল ইসলাম হেলালীর দাবি, কৃষকদের জন্য মোট ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল, যার মধ্যে চার বস্তা এরই মধ্যে বিতরণ করা হয়েছে। বাকি বীজগুলো মাদ্রাসায় রাখা ছিল এবং ব্যস্ততার কারণে সেগুলো সময়মতো বিতরণ করা সম্ভব হয়নি।
ইউএনও বায়েজিদ-বিন-আখন্দ জানান, উদ্ধারকৃত বীজগুলো স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/আরএসএল