চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৫ জুন) ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চেঙ্গুছড়া এলাকার মো. শাহ আলমের একমাত্র পুত্র। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মামুন পরীক্ষা শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তার বাহনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মামুন ও এক ব্যবসায়ীসহ দু'জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামুন হোসেনের মৃত্যু হয়। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে একজন মারা যান। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/টিবিএ