চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান গ্রামের মাদার্শাবাড়ির পশ্চিমে ফটিকছড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. হাসেম (৪৫) এবং একই এলাকার মাহবুবুল আলমের ছেলে মো. ইউনুস (৩৫)। তারা দুজনই দৈনিক মজুরিভিত্তিক কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মীরেরখীলের পশ্চিমে একটি কৃষি জমিতে আমন ধান রোপণের কাজ করছিলেন ওই দুই কৃষক। বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে আগে থেকেই ফসলি জমিতে পড়ে ছিল। অসাবধানতাবশত ওই ছেঁড়া তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষিশ্রমিকের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডিবিসি/এমএনকে