চট্টগ্রামের বোয়ালখালীতে ফসলের ক্ষতি করার অদ্ভুত অজুহাতে তালগাছে থাকা ২০ থেকে ২২টি বাবুই পাখির বাসা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে বাচা মিয়া নামের স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এই নিষ্ঠুর ও অমানবিক ঘটনায় বাসাগুলোতে থাকা অর্ধশতাধিক পাখির ছানার মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্ট বাজার সংলগ্ন ভুবনেশ্বরী মাতৃ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’-এর সদস্য অয়ন মল্লিক জানান, বাচা মিয়া দাবি করেন যে পাখিরা তার ফসলের ক্ষতি করছে। এই অজুহাতে তিনি গত দুই দিন ধরে লম্বা বাঁশ দিয়ে রাস্তার ধারের একটি তালগাছে ঝুলে থাকা বাবুই পাখির বাসাগুলো একে একে ভেঙে মাটিতে ফেলে দেন। এতে নিচে পড়ে গিয়ে প্রায় ৫০ থেকে ৬০টি অবুঝ ছানা মারা যায়। মাটিতে পড়ে থাকা এসব মৃত ছানা কাক, কুকুর ও বিড়ালের খাবারে পরিণত হয়েছে। এখনো অনেকগুলো মৃত ছানা গাছের নিচে পড়ে থাকতে দেখা গেছে।
বুধবার বিকেলের দিকে এই অমানবিক ঘটনার খবর পেয়ে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে ঘটনার সত্যতা ও মৃত পাখির ছানাগুলোর প্রমাণ পাওয়া যায়। এ সময় অভিযুক্ত বাচা মিয়া উপস্থিত থেকে নিজের অপরাধ স্বীকার করে নেন।
পরে ইউএনও মেহেদী হাসান ফারুক জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত বাচা মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণ রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।
ডিবিসি/পিআরএএন