চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আসহাবুল আরাফ নামে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ রেললাইন সংলগ্ন মোহাম্মদ সওদাগরের বাড়ি এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত আসহাবুল আরাফ চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাইর মোহাম্মদপাড়া এলাকার প্রবাসী নুরুল আবছারের ছেলে। সম্প্রতি সে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে খেলছিল শিশু আসহাবুল। খেলার ছলে একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। তাকে দ্রুত উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা জাহাঙ্গীর আলম জানান, পানি থেকে তোলার পর শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। ছোট্ট এই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/পিআরএএন