চট্টগ্রামের পটিয়ায় অপহরণের দুই দিন পর পাঁচ বছর বয়সী শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার একটি ময়লার ভাগাড় তথা সন্দেহভাজনদের বসতঘরের পেছন দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জায়হান স্থানীয় একটি নূরানী মাদ্রাসার ছাত্র এবং গ্যারেজ ব্যবসায়ী শাহজাহানের একমাত্র সন্তান ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয় জায়হান। এরপর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তবে নিখোঁজ হওয়ার দিনই পরিবারের বসতঘরে একটি হাতে লেখা রহস্যময় চিঠি পাওয়া যায়। ওই চিঠিতে শিশুটিকে জীবিত ফিরিয়ে দেওয়ার বিনিময়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
চিঠি পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে তারা সেটি আলামত হিসেবে জব্দ করে এবং ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জায়হানদের প্রতিবেশী একই পরিবারের পাঁচজন সদস্যকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্যের ভিত্তিতে তাদের বসতঘরের পেছন থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ডিবিসি/পিআরএএন