কাঁচামাল সংকটের কারণে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আবারও পুরোদমে উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল দেশে পৌঁছানোর পর আজ ভোর থেকে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন কার্যক্রম পুরোপুরি শুরু করেছে।
এর আগে ক্রুড অয়েলের অভাব দেখা দেওয়ায় গত ১৫ এপ্রিল রিফাইনারির চারটি ইউনিটের মধ্যে দুটি পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে এই সংকটকালীন সময়েও বাকি দুটি ইউনিট সীমিত পরিসরে চালু রেখে বিটুমিন ও পেট্রোল উৎপাদন অব্যাহত রাখা হয়েছিল। বর্তমানে কাঁচামালের সরবরাহ স্বাভাবিক হওয়ায় ইস্টার্ন রিফাইনারিতে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার টন ক্রুড অয়েল পরিশোধন করা হচ্ছে।
জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে চলতি মাসেই ‘এমটি ফসিল’ নামের আরেকটি ট্যাঙ্কারে করে আরও এক লাখ টন ক্রুড অয়েল দেশে আসার কথা রয়েছে। আগামী ১০ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে জাহাজটিতে এই ক্রুড অয়েল লোড করা হবে। নতুন এই চালানটি দেশে পৌঁছালে জ্বালানি তেল সরবরাহে আর কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে আশাবাদ ব্যক্ত করেছে ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ।
ডিবিসি/টিবিএ