চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার পশ্চিম সারোয়াতলী তালুকদার বাড়ির মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত আবু হুরায়রা তালুকদার বাড়ির মাওলানা আবু সাঈদ সিদ্দিকীর ছেলে। সে হযরত হাসসান বিন সাবিত (রহ.) নূরানী মডেল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির চাচা সবুজ জানান, দুপুরে বাবার সঙ্গে মসজিদের পুকুরে গোসল করতে যায় আবু হুরায়রা। এ সময় রাবারের টিউবে ভেসে সে সাঁতার কাটছিল। একপর্যায়ে শিশুটির বাবার মুঠোফোনে কল এলে তিনি পুকুর থেকে উঠে ফোনে কথা বলতে যান।
ফোনে কথা শেষ করে ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে তিনি ধারণা করেন, হয়তো সে বাড়িতে চলে গেছে। এরপর গোসল শেষ করে তিনিও বাড়িতে ফিরে যান। কিন্তু বাড়িতে গিয়ে ছেলেকে না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরের ঘাটের নিচ থেকে আবু হুরায়রাকে উদ্ধার করা হয়।
পরে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. চন্দিমা বড়ুয়া দুপুর আড়াইটার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ডিবিসি/ এসভিএন