চট্টগ্রামের লোহাগাড়ায় বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবু হেনা রুবেল (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সামমহাজন বাড়ির আজিজুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পদুয়া স্টেশন এলাকার একটি কমিউনিটি সেন্টারে নিকটাত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রুবেল। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পুরাতন বিওসি এলাকায় পৌঁছালে হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়েছে।
ডিবিসি/আরএসএল