বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রামে মাদকের টাকার জন্য মাকে মারধর: ছেলের ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের টাকার জন্য মা ও পরিবারের সদস্যদের মারধর করার অপরাধে ইমাম হোসেন (২৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ মে) রাত ৮টার দিকে উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ইমাম হোসেন ওই গ্রামের শফিউল আলম বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইমাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে তিনি প্রায়ই তার মা কহিনুর বেগমসহ পরিবারের অন্য সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। তার এই বেপরোয়া অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে ওঠেন। সোমবার রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইমাম হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের কারণে পারিবারিক সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন