চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছেলের মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবার সাথে কথা-কাটাকাটির জেরে ছেলের কিল-ঘুষি ও লাথিতে বৃদ্ধ পিতা আবু আহম্মদ ডিলারের (৭০) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভারত সীমান্তবর্তী পূর্ব অলিনগর বিশ্বটিলা গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলন (৪০)-কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত আবু আহম্মেদ ডিলার একই এলাকার বিশ্বটিলা ডিলার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবন নিয়ে বাবার সাথে ছেলে মিলনের প্রতিনিয়ত বাকবিতণ্ডা হতো। গতকাল রাতেও মাদক নিয়ে বাবার সাথে মিলনের তীব্র কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মিলন তার বৃদ্ধ বাবাকে এলোপাতাড়ি কিল-ঘুষি এবং তলপেটে লাথি মারে।
প্রচন্ড আঘাত সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ আবু আহম্মেদ। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং আজ শনিবার (১৬ মে) সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তলপেটে লাথির ফলে প্রচন্ড আঘাতেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/টিবিএ