চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও পিকআপের সাথে ধাক্কা লেগে সালাউদ্দিন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মঘাদিয়া মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেল চালিয়ে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন সালাউদ্দিন। পথে আবুতোরাব বাজারের পাশে মুসলিম চত্বর এলাকায় পৌঁছালে তার দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় চট্টগ্রামমুখী সেভেন রিং সিমেন্টের একটি ট্রাক এবং অর্থনৈতিক অঞ্চলমুখী চট্টগ্রাম অনলাইন ইন্টারনেটের একটি ডাবল কেবিন পিকআপের মাঝখানে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে
ডিবিসি/এসভিএন