জেলার সংবাদ

চট্টগ্রামে রাতের আঁধারে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হামিম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হামিম উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগর ফজরবরবাড়ি এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেরানিহাট সিটি সেন্টার এলাকায় হামিম অবস্থানকালে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত অতর্কিত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চমেক হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হামিমের মামা মো. মহিউদ্দিন জানান, কার সঙ্গে হামিমের কোনো বিরোধ ছিল কি না বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত, সে বিষয়ে পরিবার নিশ্চিত নয়। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিবিসি/হাদী

আরও পড়ুন