চট্টগ্রামের পটিয়ায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জলুয়ার দীঘির পাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব দে পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের চক্রশালা এলাকার হরিপদ দের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে জলুয়ার দীঘির পাড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সজীব দে। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, গুরুতর আহত অবস্থায় সজীব দেকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ডিবিসি/এমএনকে