চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। নানার বাড়িতে বেড়াতে এসে নদীর তীরে খেলতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- মো. শাহিন (৩) ও মোছা. আফিজা (৬)। তারা আমিলাইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডলু এলাকার মো. বেলালের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই ভাই-বোন নানার বাড়ির আশপাশে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের সাঙ্গু নদীর তীরে চলে যায়। সেখানে খেলাধুলার সময় অসাবধানতাবশত দুজনই নদীর পানিতে পড়ে যায়।
শিশু দুটির পানিতে পড়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করা হয়। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাঙ্গু নদীতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
ডিবিসি/এসডব্লিউএন