জেলার সংবাদ

চট্টগ্রামে স্বামী-স্ত্রী ও মেয়ের হাত-পা বেঁধে ডাকাতি

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাড়িতে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের দুয়ারু গ্রামের সফি মিস্ত্রি বাড়ির গিয়াস উদ্দিনের ঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গিয়াস উদ্দিন বলেন, ‘রবিবার রাত ২টার দিকে ব্যালকনির দরজা ভেঙে প্রথমে আমার ঘরে ঢুকে আমার হাত-মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল। তারা মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ছিল। ডাকাতদের হাতে রিভলভার, চাপাতি ও বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা ঘরে থাকা কাপড় ও দড়ি দিয়ে হাত-মুখ বেঁধে ফেলে। পরে ঘরে থাকা আমার স্ত্রী ও মেয়ের প্রায় ১ ভরি স্বর্ণ, নগদ টাকা, মোবাইল ফোন ও ঘড়ি নিয়ে যায়। তিনি আরও বলেন, ‘আমার ছোট্ট নাতি কান্না করলে তার গলায় ছুরি ধরে বলে, যদি ঝামেলা করিস, গলায় ছুরি চালিয়ে দেব।’


‘এরপর ঘরের আলমারি ও শোকেসের দরজা ভেঙে প্রায় ৫০ হাজার নগদ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার ও ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এক ঘণ্টার বেশি সময় ধরে ডাকাত দল ঘরের জিনিসপত্র তছনছ করে। ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে হাত-পায়ের বাঁধন খুলে দেয়।’

 

রবিবার সকালে মিরসরাই থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।


মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) আওলাদ হোসেন জানান, গিয়াস উদ্দিনের ঘরের দরজাটি সাধারণ মানের কাঠের ছিল। দুর্বৃত্তরা ধাক্কা দিয়ে দরজা খুলে কিছু স্বর্ণালংকার ও ৩টি মোবাইল ফোন নিয়ে গেছে। এ ঘটনায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এসভিএন

 

আরও পড়ুন