চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে চুরির অভিযোগে আটক এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করিয়ে ছেড়ে দেন গ্রামবাসী। তবে এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই দিন রাতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায় চুরির ঘটনাটি ঘটে। অভিযুক্ত মো. ফয়জুল করিম একই ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোন ও ব্যাগ চুরির অভিযোগে ফয়জুল করিমকে আটক করেন এলাকাবাসী। পরে তাকে মারধর না করে ভালো পথে ফিরে আসার শর্তে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয় এবং তওবা করিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাতে জোরারগঞ্জ থানা পুলিশ মাদক সেবন ও মাদক বিক্রির অভিযোগে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় যুবক জহির ও আহসান উল্লাহ রাকিব এ বিষয়ে হতাশা প্রকাশ করে জানান, লোকটিকে চুরির পর অসহায় মনে করে ভালো হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু চোর যে ধর্মের বাণী শোনে না, তা কয়েক ঘণ্টার মধ্যে মাদকসহ গ্রেপ্তার হয়ে সে প্রমাণ করল। মানুষ নিজে থেকে পরিবর্তন না হলে তাকে বদলানো কঠিন বলেও মন্তব্য করেন তারা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে চুরির অভিযোগে স্থানীয়রা ফয়জুলকে আটকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে ছেড়ে দিয়েছিল। পরবর্তীতে রাতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবিসি/আরএসএল