বাংলাদেশ, জাতীয়

চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু ১৯ এপ্রিল

চট্টগ্রাম অফিস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল। এদিন বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ উড়োজাহাজে ৪১৯ জন যাত্রী থাকবেন।

এ বছর চট্টগ্রাম থেকে মোট ১৬টি ফ্লাইট পরিচালিত হবে-এর মধ্যে ১২টি জেদ্দায় এবং ৪টি মদিনায় যাবে। সব ফ্লাইটই পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত বছর ১৭টি ফ্লাইট থাকলেও এবার তা কমেছে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক জানান, ১৯ এপ্রিলের প্রথম ফ্লাইট পরিচালনায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাত্রীদের বোর্ডিং, ইমিগ্রেশন ও লাগেজ হ্যান্ডলিং নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

 

প্রায় সাড়ে ৬ হাজার হজযাত্রী এসব ফ্লাইটে সৌদি আরব যাবেন, যা গত বছরের তুলনায় কম। কোটা হ্রাসসহ বিভিন্ন কারণে যাত্রীর সংখ্যা কমেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

হজযাত্রীদের সুবিধায় বিমানবন্দরে আলাদা হেল্পডেস্ক, অতিরিক্ত জনবল, দ্রুত ইমিগ্রেশন এবং মেডিকেল সহায়তা রাখা হয়েছে। বয়স্কদের জন্য হুইলচেয়ার ও সহায়ক কর্মীও থাকবে।

 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

ডিবিসি/ এইচএপি  
 

আরও পড়ুন