ক্রুড অয়েল সংকটে ২০ দিনের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি। বুধবার (৬ মে) দুপুরে এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সৌদি আরব থেকে আমদানি করা এই জাহাজটি নিরাপদে পৌঁছানোর পর বর্তমানে কুতুবদিয়া চ্যানেলে নোঙর করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল রিফাইনারিটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর প্রথমবারের মতো এই রিফাইনারির উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। মূলত সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর দেশে আর কোনো ক্রুড অয়েল পৌঁছায়নি।
পরে বিকল্প রুট হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজে করে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হয়েছে। ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (৭ মে) থেকে রিফাইনারিটি পুনরায় উৎপাদনে ফিরবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, এই রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ধরনের ক্রুড অয়েল পরিশোধন করা হয়, যার বার্ষিক চাহিদা প্রায় ১৫ লাখ টন।
আপাতত ক্রুড অয়েলের বড় কোনো সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ শিপিং করপোরেশনের তথ্যমতে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর ফলে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।
ডিবিসি/পিআরএএন