বাংলাদেশ

চট্টগ্রাম বন্দর থেকে ৪ দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশ অর্থমন্ত্রীর

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে সর্বোচ্চ চার দিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। দেশের প্রধান এই সমুদ্রবন্দরে পণ্যজট নিরসন এবং সরবরাহ ব্যবস্থা গতিশীল করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে বন্দর ব্যবহারকারী সংগঠন, শীর্ষ ব্যবসায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বন্দরনগরীতে এটিই ছিল তাঁর প্রথম সফর।

 

সভায় বন্দরের অধিকাংশ স্ক্যানিং মেশিন দীর্ঘদিন অচল থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী। গুরুত্বপূর্ণ এসব যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে থাকার বিষয়টিকে গাফিলতি হিসেবে উল্লেখ করে তিনি দ্রুত সেগুলো সচল করার নির্দেশ দেন। তিনি বলেন, এ ধরনের অব্যবস্থাপনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কারণ স্ক্যানিং মেশিনের অচলাবস্থাই পণ্য খালাসে ধীরগতি ও জট সৃষ্টির অন্যতম প্রধান কারণ।

 

বাণিজ্য ও শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব এড়াতে আন্তর্জাতিক মানের পদ্ধতি অনুসরণ করে বন্দর পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি সেবার ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার পাশাপাশি বন্দর পরিচালনা ও কাস্টমস প্রক্রিয়ার দীর্ঘদিনের সমস্যাগুলো লিখিতভাবে উপস্থাপনের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। এসব বিষয় নৌপরিবহন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তিনি নিজেই তদারকি করবেন বলে জানান।

 

মতবিনিময় সভায় উপস্থিত চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা অর্থমন্ত্রীকে আশ্বস্ত করেন যে, বন্দরের কার্যক্রম যেন এক ঘণ্টার জন্যও বন্ধ না হয়, সে লক্ষ্যে তাঁরা সমন্বিতভাবে কাজ করবেন। উল্লেখ্য, অর্থমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১১ আসনের মধ্যেই বন্দর, কাস্টমস ও ইস্টার্ন রিফাইনারিসহ দেশের গুরুত্বপূর্ণ সব অর্থনৈতিক স্থাপনা অবস্থিত।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন