দেশের অর্থনীতির ফুসফুসখ্যাত চট্টগ্রাম-১১ আসনে এবার ভোটের লড়াই জমে উঠেছে অভিজ্ঞ রাজনীতিবিদ বনাম নতুন মুখের মধ্যে।
চট্টগ্রাম বন্দর, দু'টি ইপিজেড, বিমানবন্দর ও কাস্টমস হাউজ নিয়ে গঠিত এ আসনটি দেশের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এই মর্যাদাপূর্ণ আসনে বিএনপির দীর্ঘদিনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন জামায়াত মনোনীত নতুন মুখ সাবেক সিটি কাউন্সিলর শফিউল আলম। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের ও মাঠে সক্রিয় রয়েছেন।
রাজনৈতিকভাবে এই আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যেখান থেকে একসময় বেগম খালেদা জিয়াও নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে আমীর খসরু মাহমুদ চৌধুরী টানা কয়েকবার জয়ী হয়ে এটিকে নিজের দুর্গে পরিণত করেছেন। অন্যদিকে, জামায়াত প্রার্থী শফিউল আলমের জন্য এটি সংসদে যাওয়ার প্রথম লড়াই। হেভিওয়েট প্রার্থী খসরুর বিপক্ষে মাঠ ধরে রাখাটাই এখন তার জন্য বড় চ্যালেঞ্জ।
তবে এ আসনেও রয়েছে জনভোগান্তির তীব্র চিত্র। বন্দর থেকে ইপিজেড পর্যন্ত বেহাল সড়ক এবং সুপেয় পানির তীব্র সংকট স্থানীয়দের প্রধান মাথাব্যথার কারণ, যা প্রার্থীদের জন্যও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অভিজ্ঞতার পাল্লা ভারী নাকি নতুন মুখের চমক কার ভাগ্যে জুটবে 'অর্থনীতির লাইফলাইন' খ্যাত এই আসনের প্রতিনিধিত্ব, তা দেখার অপেক্ষায় ভোটাররা।
ডিবিসি/এএমটি