বরিশালের চরমোনাই মাহফিলে আসা মুসল্লিদের নিয়ে ঢাকায় ফেরার পথে এমভি সাব্বির-৩ নামে একটি লঞ্চের ধাক্কায় মোল্লা ভাই ভাই নামে বালুবাহী একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে।
শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় বল্কহেডে থাকা ৪ ব্যক্তিকে উদ্ধার করে নদীতে থাকা জেলেরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জেলেরা জানান, চরমোনাইর মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার দিকে যাচ্ছিলো এমভি সাব্বির-৩ নামক লঞ্চটি। পথিমধ্যে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে লঞ্চটির সাথে মোল্লা ভাই ভাই নামের বালুবাহী একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় একটি কার্গো জাহাজের স্টাফ রাজা মিয়া জানান, সংঘর্ষের সঙ্গে সঙ্গে মেঘনা নদীতে বাল্কহেডটি ডুবে যায়। এসময় স্থানীয় জেলেরা বাল্কহেডে থাকা ৪ ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, ঘটনার পরপরই নদীতে থাকা স্থানীয় জেলেরা ডুবে যাওয়া মোল্লা ভাই ভাই নামের বাল্কহেডের স্টাফদের উদ্ধার করেছে। তার সবাই সুস্থ রয়েছেন। পাশাপাশি এমভি সাব্বির-৩ লঞ্চটির কোন ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ডিবিসি/ এইচএপি