বাংলাদেশ, জেলার সংবাদ

চর দখলকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় দু'পক্ষের সংঘর্ষে নিহত ৫

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে ডিসেম্বর ২০২৫ ০৫:৪৬:৪০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) ভোরের দিকে সামছুদ্দিন ওরফে কোপা সামছু গ্রুপ এবং আলা উদ্দিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


নিহতরা হলেন- সামছুদ্দিন গ্রুপের প্রধান সামছুদ্দিন, তার ছেলে মোবারক হোসেন, প্রতিপক্ষ গ্রুপের প্রধান আলা উদ্দিন। বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এর মধ্যে আলা উদ্দিনের মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জাগলার চরে বর্তমানে কয়েকশ ভূমিহীন পরিবার বসবাস করছে। চরের জমির অর্ধেক খাস এবং বাকি অর্ধেক ব্যক্তিমালিকানাধীন বা বয়ার সম্পত্তি। দীর্ঘদিন ধরে হাতিয়ার হরণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুশফিক ও ফরিদ কমান্ডারের (মেম্বার) ছত্রচ্ছায়ায় সামছুদ্দিন চরের জমি দখল করে প্রতি একর ২২ থেকে ২৫ হাজার টাকায় ভূমিহীনদের কাছে বিক্রি করে আসছিলেন।


সম্প্রতি বিক্রির টাকার ভাগ নিয়ে মুশফিক ও ফরিদ কমান্ডারের সঙ্গে সামছুদ্দিনের বিরোধ তৈরি হয়। এরই জের ধরে মঙ্গলবার ভোরে মুশফিক ও ফরিদের পক্ষ হয়ে আলা উদ্দিন, শীর্ষ ডাকাত ‘কাউয়া কামাল’ ও নিজাম মেম্বারের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী চর দখলে যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে অস্ত্রধারীরা চরে হানা দিলে সামছুদ্দিনের লোকজনের সঙ্গে তাদের ব্যাপক গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে টিকতে না পেরে সামছুদ্দিনের লোকজন পালিয়ে গেলে সামছুদ্দিন ও তার ছেলে মোবারককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। অন্যদিকে প্রতিপক্ষ গ্রুপের আলা উদ্দিনও সংঘর্ষে মারাত্মক আহত হয়ে মারা যান। বিকেলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লেগেছে। তিনি আরও বলেন, আলা উদ্দিনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। সামছু ও মোবারকের মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন