মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ভানুগাছ ও শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন থেকে চলন্ত অবস্থায় মবিল (তেল) লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ইঞ্জিনজুড়ে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এ সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মাঝপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সিলেটগামী কয়েক শ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
কুলাউড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। সেটি পৌঁছালে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। তিনি আরও জানান, এখন পর্যন্ত অন্য ট্রেনগুলোর শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি।
ডিবিসি/কেএলডি