চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ‘জৈনপুর এক্সপ্রেস’-এর তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে এবং অপর দুটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সীরহাট দক্ষিণ বাজারের স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেসের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) প্রথমে আগুন জ্বলতে দেখেন স্ট্যান্ডের স্টাফ ও কর্মচারীরা। কিছু বুঝে ওঠার আগেই মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা আরও দুটি বাসেও আগুন ধরে যায়। এ সময় বাসস্ট্যান্ডের শ্রমিক ও পথচারীরা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, বাসস্ট্যান্ডে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে কেউ ইচ্ছাকৃতভাবে বাসে এই আগুন দেওয়ার ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।
ডিবিসি/আরএসএল