চাঁদপুরের শাহরাস্তির সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন।
এর আগে, একাধিক উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সড়কপথে ঢাকার বাসভবন থেকে সকাল ৮টার পরে তিনি রওনা হন। দুপুর ১টা ২০ মিনিটে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় অংশ নেন তিনি।
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষের হাট-সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনর্খনন কাজের উদ্বোধন করবেন তারেক রহমান।
এরপর চাঁদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
সরকারি এই সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং রাত সাড়ে ৯টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
জানা গেছে, দীর্ঘ ২২ বছর আগে ২০০৪ সালে চাঁদপুরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছ থেকে দেখতে এবং তার বক্তব্য শুনতে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। উপস্থিত নেতাকর্মীদের মাঝে যারপরনাই উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে। মঞ্চে উপস্থিত আছেন বিএনপির জাতীয় ও স্থানীয় মন্ত্রী ও নেতা-কর্মীরা।
এর আগে কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনি অঙ্গীকার পূরণ করে যাচ্ছে। অতীতে যতবার দেশ সেবার সুযোগ পেয়েছে, তারা অঙ্গীকার পূরণ করেছে।
তিনি বলেন, অনেক আন্দোলন সংগ্রামের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক ’৭১-এ মানুষ যেমন দেশ স্বাধীন করেছিল, চব্বিশেও দেশকে আবার স্বাধীন করেছে। এখন মূলকাজ দেশের পুনর্গঠন। যে জাতি নিজেরা পরিশ্রম করে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়। দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব না। এ দেশের মালিক জনগণ, জনগণকেই মালিক হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
ডিবিসি/ এইচএপি