চাঁদপুরে স্বাস্থ্যসেবার মান সরেজমিনে দেখতে ঝটিকা সফর করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার (৯ জুলাই) সকালে আকস্মিক জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান মন্ত্রী। এসময় দায়িত্ব অবহেলার অভিযোগে সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন নথি খতিয়ে দেখেন এবং হাসপাতালে চিকিৎসারত রোগীদের খোঁজ খবর নেন স্বাস্থ্যমন্ত্রী। পরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘সারাদেশে স্বাস্থ্যসেবার সমস্যা চিহ্নিত করার কাজ চলছে। দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে সরকার স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও সীমাবদ্ধতা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারাদেশে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আরও সহজলভ্য ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
এ সময় স্বাস্থ্যসেবায় দায়িত্বে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও কঠোর বার্তা দেন মন্ত্রী। পরিদর্শনকালে চাঁদপুর-০৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লা সেলিমসহ স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এসডব্লিউএন