চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিতে এসে মো. সেলিম মাঝি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে গভীর শোকের আবহ বিরাজ করছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। মৃত মো. সেলিম মাঝি ফরিদগঞ্জ ১৪নং দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে অনুষ্ঠানে উপস্থিত হন সেলিম মাঝি। সভা চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীরা তার রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন।
এদিকে সেলিম মাঝির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আমরা তার পরিবারের পাশে থাকার চেষ্টা করব।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল জানান, মো. সেলিম মাঝিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক করে) তার মৃত্যু হয়েছে।
ডিবিসি/এমএনকে