চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ তরপুরচণ্ডী এলাকায় ভিমরুলের কামড়ে ফরহাদ হোসেন সোহাগ (৪৫) নামে এক ডেভলপার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তরপুরচণ্ডী খলিফা বাড়িতে নিজ বসতবাড়ির বাউন্ডারি গেটের ওপর ফুলগাছের পরিচর্যা করতে গিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। নিহত সোহাগ ওই বাড়ির মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে।
নিহতের চাচা শ্বশুর মো. নাছির আলম জানান, বাউন্ডারি গেটের ওপর থাকা ফুলগাছের পরিচর্যা করার সময় একাধিক ভিমরুল সোহাগের মাথায় ও মুখে কামড় দেয়। এতে তিনি মারাত্মক ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
ডিবিসি/আরএসএল