চাঁদপুরের মতলব দক্ষিণে ভাগ্নেকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মামা ও ভাগ্নি দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে মতলব সেতুর দক্ষিণ অংশের সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত মামা মো. ফজলে রাব্বি (২১) বিকেলে এবং তার কয়েক ঘণ্টা পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ভাগ্নে ইশাতের (১৪) মৃত্যু হয়।
নিহত ফজলে রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির মো. মিজানুর রহমানের ছেলে। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, নিহত ইশাত দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. জুয়েল বাংলাদেশ সচিবালয়ের একজন গাড়িচালক। সপরিবারে ঢাকার যাত্রাবাড়ীতে বসবাসকারী ইশাত ঈদুল আজহা উপলক্ষে মায়ের সঙ্গে নানাবাড়ি মতলবে বেড়াতে এসেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে ফজলে রাব্বি তার ভাগ্নে ইশাতকে মোটরসাইকেল চালানো শেখাচ্ছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে সড়ক মেরামত কাজে নিয়োজিত দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফজলে রাব্বিকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় ইশাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তারও মৃত্যু হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় মামা ও ভাগ্নে দুজনেরই মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/আরএসএল