চাঁদপুরের কচুয়ায় মাঠ থেকে শুকানো ধান আনতে গিয়ে বজ্রপাতে পদ্মা রানী (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের ছেলে নারায়ণ (৩০) আহত হয়েছেন। নিহত পদ্মা রানী ওই গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত সুনীল চন্দ্র সরকারের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনের মাঠে শুকানো ধান গুছিয়ে আনতে যান মা ও ছেলে। ধান গোছানোর শেষ পর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে মা ও ছেলে দুজনেই মাঠের মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনুবা মরিয়ম পরীক্ষা-নিরীক্ষা শেষে পদ্মা রানীকে মৃত ঘোষণা করেন। তবে তার ছেলে নারায়ণ প্রাণে বেঁচে যান। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে বৈশাখী মৌসুমে আকস্মিক বজ্রপাতে এমন মৃত্যুর খবরে স্থানীয় কৃষকদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে।
ডিবিসি/এসএফএল