চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল ফোন চুরির সন্দেহে মো. তারেক ঢালী (১৭) নামের এক কিশোরকে তার মায়ের সামনে গাছের সঙ্গে বেঁধে মারধর ও গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। গুরুতর আহত তারেক বর্তমানে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণপাড়া প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় শফিক প্রধান (৩৫) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারেক গোবিন্দপুর গ্রামের প্রয়াত জাকির হোসেন ঢালীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক ও তার ছোট ভাই মো. রাসেল (১৩) ঢাকার একটি ক্যানটিনে কাজ করে। ছুটিতে বাড়িতে থাকা অবস্থায় মঙ্গলবার ভোরে তারেককে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
আহত তারেকের মা খুকী বেগম অভিযোগ করেন, ‘১২ বছর আগে তারেকের বাবা মারা গেছেন। অনেক কষ্টে দুই ছেলেকে নিয়ে জীবন কাটাচ্ছি। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সফিক, আল-আমিন, তানিম ও মোতালেব প্রধান কোনো কিছু না জানিয়েই আমার ছেলেকে ঘুম থেকে তুলে তাদের বাড়িতে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘সেখানে মোবাইল চুরির অভিযোগ তুলে আমার ছেলেকে গাছের সঙ্গে বেঁধে নারকেলগাছের ডাল দিয়ে পেটানো হয়। পরে তার মাথায় গামছা বেঁধে গরম পানি ঢালা হয়। কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে তাকে মারধর করা হলেও কেউ বাঁচাতে এগিয়ে আসেনি।’
তারেকের মায়ের ভাষ্য অনুযায়ী, পরে স্থানীয় সোবহান ঢালী, মো. রাকিব প্রধান, শরীফুল ইসলাম ও নবী উল্লাহ পাটোয়ারী তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
খুকী বেগম বলেন, ‘টাকার অভাবে ছেলেকে ভালোভাবে চিকিৎসা করাতে পারছি না। আমি গরিব মানুষ। বিনা অপরাধে যারা আমার ছেলেকে নির্যাতন করেছে, প্রশাসনের কাছে তাদের বিচার চাই।’
স্থানীয় বাসিন্দা নবী উল্লাহ পাটোয়ারী বলেন, বুধবার আসরের দিকে পুলিশ আহত কিশোরের বাড়িতে আসে। তিনি অভিযোগ করেন, তারেককে হত্যার উদ্দেশ্যে ঘর থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিও জানান তিনি।
খবর পেয়ে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক প্রধানকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নির্যাতনে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, ‘অভিযুক্ত শফিক প্রধানকে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
ডিবিসি/এমএনকে