চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ রাখা প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ৪ জন ব্যবসায়ীকে আটক করা হয়। শনিবার (৯ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মতলব উত্তর থানাধীন দশানী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও আউটপোস্ট মোহনপুর যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকার ৪টি গোডাউন তল্লাশি করে অবৈধভাবে মজুদ করা প্রায় ৩ লাখ ২২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ লিটার ডিজেলসহ ওই ৪ জনকে আটক করা হয়।
পরবর্তীতে মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করে জব্দ করা জ্বালানি তেল তাদের ফেরত দেওয়া হয়। কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিবিসি/আরএসএল