দেশের অন্য এলাকার সাথে চাঁদপুরের যোগাযোগের অন্যতম মাধ্যম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের প্রায় ১৯ কিলোমিটার এলাকা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
প্রায় সাত বছরেও সংস্কার না হওয়ায় খানা-খন্দ আর বড় বড় গর্তে ভরা সড়কটি এখন যাত্রীদের চরম ভোগান্তির আরেক নাম। কর্তৃপক্ষ বলছে, নানা জটিলতায় কাজ শুরু না হলেও দ্রুত সড়কের সংস্কার কাজ শুরু হবে।
দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় থাকা এই সড়কটির খাজুরিয়া বাজার থেকে হাজীগঞ্জ বাজার পর্যন্ত ১৯ কিলোমিটার এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
যাত্রী ভোগান্তির পাশাপাশি নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পরিবহনগুলোকে দ্বিগুণ সময় গুণতে হচ্ছে। এছাড়া গর্ভবতী ও মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চালকরাও ভয়াবহ বিপদের সম্মুখীন হচ্ছেন।
স্থানীয় প্রশাসনের বক্তব্য অনুযায়ী, জনবল সংকটে নিয়মিত সংস্কার করা যায়নি। তবে সড়ক ও জনপথ, চাঁদপুরের উপ বিভাগীয় প্রকৌশলী ওয়াছিউদ্দিন আহমেদ জানিয়েছেন, দ্রুত ঠিকাদার নিয়োগের মাধ্যমে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। যাত্রীরা দ্রুত সড়কটির বিষয়ে পরিকল্পিত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন।
ডিবিসি/ এইচএপি