দীর্ঘ ৫৪ বছর পর ফের পৃথিবীর কক্ষপথ ছাড়ল মানুষ। চাঁদের উদ্দেশ্যে যাত্রা করা নাসার 'আর্টেমিস-২' মিশনের চার নভোচারী মহাকাশ থেকে পৃথিবীর দারুণ কিছু ছবি তুলেছেন। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে 'ট্রান্স-লুনার ইনজেকশন' বা টিএলআই বার্ন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে ওরিয়ন মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে। এরপরই মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান উচ্চমানের ছবিগুলো ধারণ করেন, যা সম্প্রতি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকাশিত প্রথম ছবিটির নাম দেওয়া হয়েছে 'হ্যালো, ওয়ার্ল্ড'। এ ছবিতে আটলান্টিক মহাসাগরের বিশাল নীল জলরাশি এবং পৃথিবীর চারপাশের পাতলা বায়ুমণ্ডলের আলো স্পষ্ট ধরা পড়েছে। সূর্য আড়ালে থাকায় এমন নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি হয়েছে, যেখানে পৃথিবীর ২ মেরুতেই দেখা যাচ্ছে সবুজ অরোরা। ছবিতে পৃথিবীকে কিছুটা উল্টো মনে হলেও এর বাম পাশে পশ্চিম সাহারা ও আইবেরিয়ান উপদ্বীপ এবং ডান পাশে দক্ষিণ আমেরিকার পূর্ব অংশ চমৎকারভাবে ফুটে উঠেছে। এছাড়া ছবির ডানদিকের নিচের অংশে উজ্জ্বল গ্রহ হিসেবে শুক্রকে দেখা যাচ্ছে।
ইঞ্জিন বার্ন শেষ হওয়ার পরই নভোচারীরা ওরিয়ন মহাকাশযানের জানালার পাশে দাঁড়িয়ে পৃথিবীর অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দী করতে শুরু করেন। মিশন স্পেশালিস্ট জেরেমি হ্যানসেন হিউস্টনের নিয়ন্ত্রণকক্ষে জানান, তারা চাঁদের আলোয় আলোকিত পৃথিবীর অন্ধকার অংশের এক মোহনীয় দৃশ্য উপভোগ করছেন। মহাকাশের দৃশ্য দেখার চরম আগ্রহে নভোচারীরা জানালাগুলো নোংরা করে ফেলায়, পরে কমান্ডার ওয়াইজম্যান নিয়ন্ত্রণকক্ষের কাছে জানালা পরিষ্কার করার উপায়ও জানতে চান। তিনি জানান, শুরুর দিকে আলোর ভারসাম্য বজায় রেখে ছবি তুলতে গিয়ে তাকে বাড়ির পেছনে দাঁড়িয়ে চাঁদের ছবি তোলার মতো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। তার তোলা আরেকটি ছবিতে পৃথিবীর দিন ও রাতের সীমারেখা বা 'টার্মিনেটর' রেখা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
পরবর্তীতে নাসা প্রায় অন্ধকারে ঢাকা পৃথিবীর আরেকটি ছবি প্রকাশ করে, যেখানে রাতের অংশে মানুষের তৈরি বৈদ্যুতিক আলোর ঝলকানি দেখা যায়। ১৯৭২ সালে মানুষের সর্বশেষ চন্দ্রাভিযান অ্যাপোলো-১৭ মিশনের নভোচারীদের তোলা একই ধরনের একটি ছবির সঙ্গে ২০২৬ সালের এই নতুন ছবির তুলনামূলক চিত্রও প্রকাশ করেছে নাসা। ঐতিহাসিক এ মুহূর্তটি নিয়ে নাসা তাদের বার্তায় লিখেছে, গত ৫৪ বছরে আমরা অনেক এগিয়েছি। কিন্তু একটা জিনিস বদলায়নি। মহাকাশ থেকে আমাদের বাড়িকে এখনো দারুণ সুন্দর দেখায়। পরিকল্পনা অনুযায়ী ৪ নভোচারী আগামী ৬ এপ্রিল চাঁদের দূরবর্তী অংশ ঘুরে আগামী ১০ এপ্রিল পৃথিবীতে ফিরে আসবেন।
তথ্যসূত্র: বিবিসি
ডিবিসি/এএমটি