আমের জাত সংরক্ষণ ও আমকেন্দ্রিক পর্যটন বিকাশে চাঁপাইনবাবগঞ্জে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের কানসাট রাজার বাগানে নতুন উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসন। এখানে নতুন নতুন বেনামী আমের নামকরন করা হবে।
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে ৩৩ একর বা প্রায় ১০০ বিঘা বেদখল হওয়া কানসাট রাজার বাগানটিতে এখন বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম করা হচ্ছে। যেখানে নামিদামি আমের পাশাপাশি বেনামী ও অপরিচিত আমগুলো পরিচয়সহ স্থান পাবে।
আর প্রায় ২শ বছরের পুরনো আম গাছগুলোকে সংরক্ষণ করা হবে। সেই সাথে সম্মৃদ্ধ একটি জামপ্লাজম তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। যাতে এখান থেকে কৃষকরা দেশ-বিদেশের আমের জাত সংগ্রহ করতে পারে।
আম গবেষকরা বলেন, ভবিষ্যতের গবেষণা ও আমের জাত উন্নয়নে এ উদ্যোগ অবদান রাখবে। এতে বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে আমের বিভিন্ন জাত। জেলার আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকতা মোখলেসুর রহমান বলেন, বিলুপ্তপ্রায় আমের জাতগুলো সেখানে সংরক্ষণ করার সুযোগ তৈরি হবে। পরবর্তীতে সেগুলো আমাদের গবেষণার কাজে লাগবে।
এরই মধ্যে ম্যাংগোপিডিয়া নামে ১০০টি প্রচলিত ও জনপ্রিয় আমের একটি অ্যালবামও প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। আর এটি নির্মান হলে আমজাত পন্য ও আমের পরিচিতি বৃদ্ধির পাশাপাশি ম্যাংগো ট্যুরিজমের ক্ষেত্রে সৃষ্টি হবে নতুন দিগন্ত।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাকিব আল রাব্বী বলেন, বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে বর্তমানে ৫৪ থেকে ৫৫ প্রজাতির আমের জাত সংরক্ষণ করা হয়েছে।
জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খান বলছেন, আমকেন্দ্রিক পর্যটন বিকাশে এবং সুস্বাদু আম রক্ষা ও জনপ্রিয় করতেই এই মিউজিয়াম গড়ে তোলা হচ্ছে। আমের জন্য আমাদের দুইটি র্হটিকালচার এবং একটি গবেষণা সেন্টার রয়েছে। পাশাপাশি বৈশ্বিকভাবে আমাদের এই আমগুলোর প্রসারের জন্য ব্যবস্থা করা হবে।
খুব শিগগিরই বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।