চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বৃষ্টি চলাকালীন সময়ে জেলা সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।
স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলায় মারা যাওয়া তিনজনই নিজ বাড়ির সংলগ্ন আম বাগানে ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান মৃতদের প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের কথা জানান।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, সদর উপজেলার আতাহারে বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া নাচোল উপজেলার লাহপাড়ায় মাঠে ঘাস কাটার সময় বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম। নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদর ও নাচোল উপজেলায় নিহতদের পরিবারকেও ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। আকস্মিক এই বজ্রপাতের ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/টিবিএ