চাঁপাইনবাবগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিখোঁজের পাঁচ দিন পর ভুক্তভোগী চালকের অর্ধগলিত মরদেহসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র (কাস্তে/কান্তা), মোবাইল ফোন ও ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২১ আগস্ট জেলার শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকার একরামুল হকের ছেলে অটোচালক রুমন অটোরিকশাসহ নিখোঁজ হন। পরদিন তার বাবা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে অসীম, রফিকুল ও উমর ফারুক নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
এদিকে বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার পুঠিমারি বিলের একটি আখক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় কৃষকেরা। পরে পুলিশ গিয়ে সেখান থেকে রুমনের ক্ষতবিক্ষত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনাস্থল ও আসামিদের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র, রুমনের স্যান্ডেল, মোবাইল ফোন এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, মূলত অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই রুমনকে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।