বাংলাদেশ, জেলার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের আক্রমণে বৃদ্ধের মৃত্যু, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভিমরুলের আক্রমণে সিরাজুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কারবালা পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম উপজেলার সেলিমাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে। রাতেই তাঁর দাফন সম্পন্ন হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম পাওয়ার টিলার নিয়ে বাড়ি ফিরছিলেন। একই সময়ে শিবগঞ্জ উপজেলা পরিষদের কর্মচারী মোরসালিন ও শাহিন কাদের মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের ওপর চড়াও হয়। আত্মরক্ষার্থে তারা পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ভিমরুলের কামড়ে আহত আরও ১০ জন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, ভিমরুলের কামড়ে আক্রান্ত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে সিরাজুল ইসলাম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। বাকি দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


এদিকে এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভিমরুলের উপদ্রব থেকে বাঁচতে দ্রুত ভিমরুলের বাসা অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন