বাংলাদেশ, জেলার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নে মাদক সংক্রান্ত বিরোধ মীমাংসার একটি গ্রাম্য সালিশে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক চোরাকারবারিদের ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দুটি পক্ষের মধ্যে তীব্র বিরোধ চলছিল। এই বিরোধের স্থায়ী মীমাংসার লক্ষ্যে স্থানীয়ভাবে একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। তবে সালিশ বৈঠক চলাকালেই উভয় পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

 

সংঘর্ষের সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে গুরুতর আহত হন দুর্লভপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে ইব্রাহিম। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন