সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে, জরুরি সহায়তা ৯৯৯-এ এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
আহত পুলিশ কর্মকর্তা আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম (৪৭)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, এসআই নুরুল ইসলাম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
পুলিশ জানায়, সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে এমন খবর পাওয়া যায় জরুরি সহায়তা ৯৯৯-এর একটি কলে। এ সময় আমনুরা থেকে মোটরসাইকেলযোগে ঘটনাস্থলের দিকে রওনা দেন এসআই নুরুল ইসলাম। মাঝপথে পুলিশের চেকপোস্টে দায়িত্বে থাকা সদস্যদের বিষয়টি অবগত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছিল। তবে তিনি একা আগেই ঘটনাস্থলেই পৌঁছে যাওয়ায় তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এসআই নুরুল ইসলামকে একা পেয়ে তাৎক্ষণিকভাবে এক ডাকাত সদস্য হাতে ও পায়ে এলোপাতাড়ি কোপ দেয়। এরমধ্যে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। পরে নুরুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জড়িতদের আটক করতে অভিযান চলছে বলেও তিনি জানান।
ডিবিসি/পিআরএএন