বাংলাদেশ, জেলার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নেই’ লেখা পাম্পে প্রায় ৪ হাজার লিটার জ্বালানি জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জনভোগান্তি সৃষ্টি করে জ্বালানি তেল মজুত রাখার দায়ে ‘ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশন’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পার্বতীপুর ইউনিয়নে অবস্থিত ওই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনটি তাদের পাম্পে ‘তেল নেই’ লেখা স্টিকার ঝুলিয়ে সব ধরনের জ্বালানি বিক্রি বন্ধ রেখেছিল। এতে সাধারণ গ্রাহক ও যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করলে বেরিয়ে আসে থলের বিড়াল। 

 

ভ্রাম্যমাণ আদালত পাম্পটির স্টোরেজ বা মজুত পরীক্ষা করে দেখতে পায়, পাম্পটিতে বিপুল পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। যার মধ্যে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল, ৫৭৭ লিটার ডিজেল এবং ১৪৬ লিটার অকটেনসহ মোট ৩ হাজার ৯৯২ লিটার জ্বালানি মজুত থাকা সত্ত্বেও তারা বিক্রয় বন্ধ রেখেছিল।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কৃত্রিম সংকট তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। এছাড়া জব্দকৃত তেল দ্রুত সাধারণ মানুষের কাছে বিক্রির নির্দেশ দিয়ে কার্যক্রম শুরু করা হয়।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে। কেউ পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনভোগান্তি কমাতে প্রশাসনের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন