মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহার করে আপন চাচাকে বাবা সাজিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং পরবর্তীতে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও সিনিয়র সহকারী সচিব মো. কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৩৯(২) ধারা অনুযায়ী সরকার তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। সেই অনুযায়ী, ২৮ জানুয়ারি থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এই সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
ঘটনার বিবরণে জানা যায়, কামাল হোসেন চাঁপাইনবাবগঞ্জের নাচোলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থাকাকালীন তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার এজাহার অনুযায়ী, তিনি চাচাকে নিজের বাবা হিসেবে পরিচয় দিয়ে ভুয়া নথিপত্র তৈরির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়েছিলেন।
গত ২৮ জানুয়ারি ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টে হাজির হয়ে দুদকের মামলায় জামিন আবেদন করেন কামাল হোসেন। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। কারাবরণের দিন থেকেই তার সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর ধরা হয়েছে।
ডিবিসি/এনএসএফ