উত্তর-মধ্য আফ্রিকার দেশ চাদের ওয়াদি-ফিরা প্রদেশের ইগোটে গ্রামে একটি পানির উৎসকে কেন্দ্র করে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া চাদিয়ান প্রেস অ্যান্ড পাবলিশিং এজেন্সির বরাতে গতকাল রবিবার (২৬ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ এপ্রিল) একটি পানির উৎসকে কেন্দ্র করে প্রথমে দুই ব্যক্তির মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই সেই উত্তেজনা চরম আকার ধারণ করে এবং তা স্থানীয় দুই সম্প্রদায়ের মধ্যে প্রাণঘাতী সহিংসতায় রূপ নেয়।
ভয়াবহ এ ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে চাদের আঞ্চলিক প্রশাসন ও বিকেন্দ্রীকরণ বিষয়ক উপপ্রধানমন্ত্রী লিমানে মাহামাতের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করে উপপ্রধানমন্ত্রী বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি, এ ঘটনায় ৪২ জনের মৃত্যু হয়েছে এবং ১০ জন আহত হয়েছেন। শোকাহত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। তিনি আরও জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
চাদের পূর্বাঞ্চলে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা নতুন নয়। মূলত আবাদি জমি, চারণভূমি বা পানির মতো প্রাকৃতিক সম্পদের অধিকার নিয়ে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রায়ই এমন রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত ঘটে থাকে।
তথ্যসূত্র: সিনহুয়া
ডিবিসি/এএমটি