আন্তর্জাতিক, আমেরিকা

চিকিৎসা সুবিধা সম্পন্ন জাহাজ পাঠানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান গ্রিনল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গ্রিনল্যান্ডে চিকিৎসা সুবিধা সম্পন্ন জাহাজ পাঠানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি জানিয়েছেন , গ্রিনল্যান্ডের নাগরিকদের জন্য নিজস্ব উন্নত ও বিনামূল্যে চিকিৎসাসেবা ব্যবস্থা বিদ্যমান রয়েছে, ফলে এই মুহূর্তে অন্য কোনো দেশের চিকিৎসা সহায়তার প্রয়োজন নেই।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ এ লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সাথে সমন্বয় করে গ্রিনল্যান্ডে একটি চিকিৎসা সুবিধা সম্বলিত জাহাজ পাঠানোর ঘোষণা দেন। উল্লেখ্য, জেফ ল্যান্ড্রিকে ট্রাম্প গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছেন। 

 

ট্রাম্প তার পোস্টে লিখেছিলেন, লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সাথে কাজ করে আমরা গ্রিনল্যান্ডে একটি দুর্দান্ত চিকিৎসা সুবিধা সম্পন্ন জাহাজ পাঠাতে যাচ্ছি, যেখানে অসুস্থ এবং যথাযথ যত্ন না পাওয়া মানুষদের চিকিৎসা দেওয়া হবে। এটি পথেই আছে!

 

প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী একে ‘না ধন্যবাদ’ বলে নাকচ করে দেন।

 

নিলসেন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণাটিকে যথাযথভাবে বিবেচনা করা হয়েছে। তবে আমাদের একটি জনস্বাস্থ্য ব্যবস্থা রয়েছে যেখানে নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।

 

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও চীনের প্রভাব মোকাবিলায় এবং জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগ্রহ নতুন করে প্রকাশ করেছেন ট্রাম্প। এমনকি এই পদক্ষেপের বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে তিনি নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন। 

 

তবে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে আলোচনার পর সেই হুমকি প্রত্যাহার করে নেন ট্রাম্প।

বর্তমানে গ্রিনল্যান্ড এবং বৃহত্তর আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরির কাজ চলছে। 

 

এছাড়া গ্রিনল্যান্ডে মার্কিন ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন নিয়ে পরবর্তী ধাপের আলোচনা অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

 

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন