বাংলাদেশ, জেলার সংবাদ

চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত আহত বাঘিনী

মোংলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে এই প্রথমবারের মতো সুন্দরবনের একটি বাঘিনীকে দীর্ঘ ছয় মাস চিকিৎসা শেষে সুস্থ করে আবার বনে অবমুক্ত করা হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে বাঘিনীটিকে অবমুক্ত করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বন বিভাগ জানায়, চলতি বছরের ৩ জানুয়ারি চাঁদপাই রেঞ্জের শরকিরখাল এলাকায় হরিণ শিকারিদের পাতা ছিটকা ফাঁদে আটকা পড়ে আনুমানিক ১০ থেকে ১১ বছর বয়সী বাঘিনীটি গুরুতর আহত হয়। পরদিন ৪ জানুয়ারি সেটিকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। সেখানে দীর্ঘ ছয় মাস চিকিৎসার মাধ্যমে বাঘিনীটির সামনের পায়ের প্রায় ৩ ইঞ্চি পচন ধরা ক্ষত সম্পূর্ণ সেরে ওঠে।


রবিবার সকালে খুলনা থেকে নদীপথে বাঘিনীটিকে আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রসংলগ্ন বনাঞ্চলে নিয়ে অবমুক্ত করা হয়। বাঘিনীটির গতিবিধি পর্যবেক্ষণের জন্য অবমুক্ত এলাকার বনভূমির প্রায় ৮ কিলোমিটারজুড়ে ২০টি বিশেষ ক্যামেরা স্থাপন করেছে বন বিভাগ।


এ সময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরীসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন