ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর জেলায় কুরকুরে চিপ্সের প্যাকেটের ভেতর পাওয়া একটি প্লাস্টিকের খেলনা গিলে ফেলায় পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলার সময় ভুলবশত বলটি গিলে ফেললে সেটি গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা যায়।
ঘটনাটি ঘটেছে মহীশূর জেলার গৌরীপুরা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, কুরকুরের প্যাকেটের সঙ্গে বিনামূল্যের উপহার হিসেবে আসা একটি ছোট প্লাস্টিকের বল নিয়ে শিশুটি খেলছিল। একপর্যায়ে সে বলটি গিলে ফেলে, যা তার গলায় আটকে যায়। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। নিহত শিশুটি তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। এই মর্মান্তিক অকালমৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে পুলিশ সূত্রের বরাতে জানানো হয়েছে, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ না থাকায় পুলিশের তরফ থেকে কোনো অস্বাভাবিক মৃত্যুর মামলা (ইউডিআর) বা ফৌজদারি মামলাও এখন পর্যন্ত রুজু করা হয়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা শোকসন্তপ্ত পরিবারটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলে তার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।