চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবিলায় এবার সামরিক স্নাতকদের জন্য পুনরায় ‘কমিউনিস্টবিরোধী দেশপ্রেমমূলক শিক্ষা’ চালু করেছে তাইওয়ানের সামরিক বাহিনী।
এর আগে ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে এই কমিউনিস্টবিরোধী পাঠ্যক্রম বাতিল করে এটিকে ‘দেশপ্রেমমূলক শিক্ষা’ হিসেবে নামকরণ করা হয়েছিল। তবে এখন আবার পূর্বের পাঠ্যক্রমেই ফিরতে হলো তাইওয়ানকে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা হুমকি সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে এবং 'আমরা কেন ও কার জন্য লড়ছি'- এই সামরিক লক্ষ্য অনুধাবনের জন্যই কোর্সটি পুনরায় চালু করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সামরিক স্নাতকদের মধ্যে 'মিত্র ও শত্রু' সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি করাই এর প্রধান লক্ষ্য। এই পাঠ্যক্রমে চীনের মূল ভূখণ্ড বিষয়ক কাউন্সিল, জাতীয় নিরাপত্তা পরিষদ, বিচার মন্ত্রণালয় এবং শীর্ষ সরকারি থিংক ট্যাংক 'একাডেমিয়া সিনিকা'-এর কর্মকর্তারা প্রশিক্ষণ ও বক্তৃতা দেবেন।
বর্তমানে তাইওয়ানের চারপাশে প্রায় প্রতিদিনই চীনের সামরিক বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে বেইজিং এবং দ্বীপটিকে নিয়ন্ত্রণে নিতে তারা কখনোই শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেয়নি।
তবে নতুন করে কমিউনিস্টবিরোধী ক্লাস শুরুর বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ডিবিসি/এসএস