চীনের উত্তর-পূর্বাঞ্চলের শানশি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। গতকাল শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের সময় খনির নিচে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। শনিবার সকাল ৬টা পর্যন্ত উদ্ধারকর্মীরা অন্তত ২০১ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বাকি আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে বর্তমানে জোর অভিযান অব্যাহত রয়েছে। সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা নির্ধারিত সীমা অতিক্রম করার কারণেই এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা, দুর্ঘটনার কারণ গভীরভাবে তদন্ত করা এবং দায়ীদের আইনের আওতায় এনে জবাবদিহি করার ওপর তিনি জোর দিয়েছেন।
উল্লেখ্য, শানশি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন কেন্দ্র হলেও এখানকার খনি শিল্প দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য দীর্ঘদিন ধরে সমালোচিত। সাম্প্রতিক বছরগুলোতেও এই অঞ্চলে এ ধরনের অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে কর্তৃপক্ষ এই বিস্ফোরণের সার্বিক কারণ জানতে আনুষ্ঠানিক তদন্ত চালিয়ে যাচ্ছে।
সূত্র: আনাদলু এজেন্সি
ডিবিসি/টিবিএ